বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিও মিন্ট থান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন যে মিয়ানমার সরকারের নেওয়া কার্যকর পদক্ষেপের ফলে সহিংসতাকবলিত রাখাইন রাজ্যে উত্তেজনা কমে এসেছে। মিয়ানমারের রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে এ কথা জানান। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রদূত জানান, সহিংসতার ঘটনা তদন্তে সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিশনও গঠন করেছে। ওই কমিশনকে জাতির বৃহত্তর স্বার্থে সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা সাফল্যের সঙ্গে মোকাবিলা করায় মিয়ামনার সরকারের প্রশংসা করে বলেন, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হলেই শান্তি প্রতিষ্ঠিত হবে। অচিরেই মিয়ানমারের শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হবে বলে তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন।শেখ হাসিনা বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বিশেষ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ মিয়ানমারের প্রেসিডেন্টের পরবর্তী ঢাকা সফরের অপেক্ষায় রয়েছে।তিনটি বাস অনুদান: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (বিএসএমআরএসটিইউ) অনুদান হিসেবে তিনটি বাস দিয়েছেন। উপাচার্য অধ্যাপক খাইরুল আলম খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ ঘোষণা দেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাঁচটি হলের নামকরণে সিন্ডিকেটের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। হলগুলো হচ্ছে: বিজয় দিবস হল, একুশে ফেব্রুয়ারি হল, স্বাধীনতা হল, ফজিলাতুন্নেছা হল ও জগদীশচন্ত্র বসু হল।