মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের নাফ নদীতে গুলিবর্ষণ এবং বিজিবির এক সদস্যকে অপহরণের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে আটক বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে অবিলম্বে ফিরিয়ে দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
এ নিয়ে দুই সপ্তাহে দ্বিতীয়বারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। এর আগে সমুদ্রপথে মানব পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া লোকজনকে বাংলাদেশের নাগরিক বলে মিয়ানমার প্রচার চালাতে থাকে। মিয়ানমারের এ ভূমিকার প্রতিবাদে ৫ জুন মিউ মিন্ট থানকে তলব করা হয়েছিল।
এ দিকে টেকনাফ থেকে আমাদের প্রতিনিধি জানান, নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার বিষয়ে টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে আজ যে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল সেটি হয়নি।
আজ বিকেলে অতিরিক্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের দপ্তরে মিউ মিন্ট থানকে তলব করা হয়। এ সময় গত বুধবারের গুলিবর্ষণের ঘটনার ব্যাখ্যা দেন মিউ মিন্ট থান। মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, বিজিপি সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ডাকাত ভেবে গুলি ছুড়েছিলেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ওই গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ব্যবস্থা নিতে বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত পররাষ্ট্রসচিবের দপ্তরে বসেই মিউ মিন্ট থান মিয়ানমারে ফোন করেন। তিনি মিয়ানমারের কর্মকর্তাদের বিজিবি সদস্যকে দ্রুত ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নিতে বলেন।
গতকাল ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তাঁরা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালানের সন্দেহে দুটি নৌকায় তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপি সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তাঁরা নায়েক আবদুর রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেন। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলারটি মিয়ানমারের দিকে চলে যায়।
প্রসঙ্গত, গত বছরের ২৮ মে বান্দরবানের পাইনছড়ি সীমান্ত এলাকায় বিজিপির সদস্যরা বিনা উসকানিতে বিজিবি সদস্যদের ওপর গুলি চালান। ওই সময় বিজিপির সদস্যরা বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানকে অপহরণ করে হত্যা করেন। দুই দিন পর বিজিবির সদস্যরা মিজানুরের লাশ ফেরত নিতে গেলে উল্টো বিজিপি ওই প্রতিনিধিদলের ওপর আবারও গুলি চালায়। পরে ৩১ মে মিজানুরের লাশ ফেরত দিয়েছিল বিজিপি।