মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের ওপারে দেড় শ’ গজের মধ্যে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে সেনা সমাবেশের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারেরর রাষ্ট্রদূত লুইন উককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলমের দপ্তরে তাঁকে তলব করা হয়।
এম খুরশেদ আলম প্রথম আলোকে বলেন, সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। এই সমাবেশ যে দুই দেশের সম্পর্কের জন্য ভালো নয়, সেটি তাঁকে বলা হয়েছে। সীমান্তে সৈন্য সমাবেশের প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতকে একটি আনুষ্ঠানিক পত্র (নোট ভারবাল) দেওয়া হয়েছে।
গত মাসে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে আলোচনা হয়েছিল। তখন বাংলাদেশ এ ধরনের পদক্ষেপ না নিতে মিয়ানমারকে অনুরোধ করেছিল।