মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তরক্ষীদের (বিজিপি) গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক বাংলাদেশি ‘নিহত’ ও আহত এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকালে তাঁকে ডেকে এনে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দুপুরে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিম খান চৌধুরী মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন। এ সময় মহাপরিচালক মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে ১৪ ও ১৫ ডিসেম্বর অতর্কিতে গুলি চালান। তাঁদের গুলিতে ১৪ ডিসেম্বর জয়নাল আবেদিন ও ১৫ ডিসেম্বর সৈয়দ আলম নামের দুই বাংলাদেশি গুরুতর আহত হন, যাঁদের নিয়ে গেছেন বিজিপির সদস্যরা। এঁদের মধ্যে জয়নাল আবেদিন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের রাষ্ট্রদূত এ সময় ঘটনার সত্যতা অস্বীকার করতে চাইলে তাঁকে বলা হয়, গুলিবর্ষণ এবং এরপরই বাংলাদেশের নাগরিকদের না পাওয়ার পেছনে যে বিজিপি জড়িত, এর প্রমাণ বাংলাদেশের কাছে আছে। তাই সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘটনাপ্রবাহের তীব্র নিন্দা জানাচ্ছে। এ ছাড়া ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরও বলেন, পরে মিউ মিন্ট থানের হাতে একটি কূটনৈতিক চিঠি তুলে দেন মঞ্জুরুল করিম খান চৌধুরী। ওই চিঠিতে সীমান্তে নির্বিচারে গুলির ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে দুই বাংলাদেশিকে ফেরত দেওয়া এবং সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, ১৪ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ির আশারতলী পাড়া থেকে দোছড়িখালের শেষ মাথায় কাঠ কাটতে গিয়ে জয়নাল আবেদিন নিখোঁজ হন। জয়নালের সঙ্গীরা ফিরে এসে বলেছেন, সীমান্তের ওপার থেকে বিজিপি সদস্যরা অতর্কিতে তাঁদের ওপর গুলি চালালে তাঁরা ভয়ে পালিয়ে আসেন। তবে জয়নাল আবেদিনের কোনো খোঁজ মিলছে না। ১৫ ডিসেম্বর জয়নালের খোঁজ নিতে গিয়ে একই এলাকায় যাওয়ার পর নিখোঁজ হন সৈয়দ আলম।