
রোহিঙ্গা নিপীড়ন করতে গিয়ে মানবতাবিরোধী যত ধরনের অপরাধ করা যায়, তার সবই করছে মিয়ানমারের সেনাবাহিনী। নিজ রাষ্ট্রের অধিকারবঞ্চিত একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর ওপর বর্বরতা চলাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সে দেশের সেনাবাহিনীর বর্বরতার প্রতিবাদে কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রামু উপজেলা সদরের চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও যোগ দেন। বক্তারা মিয়ানমারের সেনাদের উগ্রতা ছেড়ে বুদ্ধের পথে চলার আহ্বান জানান। অহিংসাতেই সম্প্রীতি ও শান্তি আসবে বলে জানান তাঁরা।
রামুর কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রাংকুট বনাশ্রম মহাবিহারের পরিচালক জুতিসেন থের, রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু সিলপ্রিয় বড়ুয়া, বৌদ্ধধর্মীয় নেতা তরুণ বড়ুয়া, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, যুবলীগের নেতা রজত বড়ুয়া প্রমুখ।
প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ চলাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। রোহিঙ্গা সমস্যার সুরাহা মিয়ানমারকেই করতে হবে। কিন্তু মিয়ানমার সে পথে নেই।
মিয়ানমারের মুসলিম রোহিঙ্গারা কেন তাদের মৌলিক অধিকার পাবে না—এ বিষয়ে মিয়ানমারের ওপর বিশ্ব সম্প্রদায়কে চাপ সৃষ্টির আহ্বান জানান রাংকুট বনাশ্রম মহাবিহারের পরিচালক জুতিসেন থের। তিনি বলেন, মিয়ানমারের আয়াতন অনেক বড়। সে তুলনায় বাংলাদেশ ছোট। পাঁচ লাখ রোহিঙ্গা নয়, কোটি রোহিঙ্গা থাকলেও মিয়ানমার সরকারের সমস্যা হবে না।
বৌদ্ধধর্মের লেবাস ধারণ করে মিয়ানমারের সরকার মানুষ হত্যা করছে। এতে অহিংসার বাণী প্রচার করা বৌদ্ধধর্মকে বিতর্কিত করে তুলছে বলে মন্তব্য করেন রিয়াজ উল আলম।
কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি অর্পণ বড়ুয়া বলেন, ‘একজন মানুষ হিসেবে আরেকজন নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো মানবিক কর্তব্য। তাই আমরাও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে হবে।’