মিয়ানমারের রোহিঙ্গা সংগঠন আরএসওর নেতা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা এলাকার একটি মাদ্রাসা থেকে গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) প্রধান হাফেজ ছলাউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, হাফেজ ছলাউল (৫৭) মিয়ানমারের মংডু শহরের নাকপুরা গ্রামের কুয়ারবিল এলাকার বাসিন্দা। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ অনুপ্রবেশের পর সৌদি আরব চলে যান। ১৯৯০ সালে বাংলাদেশে ফেরার পর থেকে তিনি আল-হারামাইনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পুলিশ সুপার মো. আজাদ মিয়া প্রথম আলোকে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের রুমালিরছড়ায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হন। সে সময় জামায়াত-শিবিরের মিছিল ও সংঘর্ষে অনেক রোহিঙ্গা অংশ নেয়। আটক হাফেজ ছলাউল রোহিঙ্গাদের সংগঠিত করেন এবং নিজেও সংঘর্ষে লিপ্ত হন।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, গতকাল বিকেলে উপজেলার নীলা এলাকার আল-জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে ছলাউলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।