মিয়ানমারের শরণার্থীদের জন্য সীমান্ত উন্মুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গা-সংঘাতে আক্রান্ত হয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশ সীমান্তে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গা শরণার্থীদের এ জরুরি আশ্রয় গ্রহণের সুবিধা দিতে অস্বীকার করা হলে তা শুধু তাদের জীবনই চরম হুমকির দিকে ঠেলে দেবে তা নয়, সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী আমাদের যে কর্তব্য ও দায় রয়েছে, তা থেকেও বিচ্যুত হব।’বিবৃতিতে এসব নাগরিক আশ্রয়প্রার্থী শরণার্থীদের বিপন্ন অবস্থায় যে মানবিক সহায়তা দরকার তা-ও নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিকেরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, মিয়ানমারের উত্তর রাখাইন প্রদেশে বসবাসকারী সেই দেশের নাগরিক যারা সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বাংলাদেশ সরকার তা রোধ করতে সীমান্ত বন্ধ করে দিয়েছে।’বিবৃতিতে বলা হয়, ‘এটা অত্যন্ত দুঃখজনক, ১৯৭১ সালে যে দেশ থেকে বিশ্বের সর্বোচ্চসংখ্যক শরণার্থী প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছিল, সেই বাংলাদেশ আজ ভিন্ন দেশের শরণার্থীদের আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করছে। সীমান্ত সম্পূর্ণ উন্মুক্ত করার ঝুঁকি সম্পর্কে আমরা অবশ্যই সচেতন। তার পরও বাংলাদেশ সরকারের প্রতি মিয়ানমার সীমান্তে যেসব শরণার্থী আসছে, তাদের মধ্যে আন্তর্জাতিক শরণার্থী মানদণ্ডে গ্রহণযোগ্য, বিশেষত নারী-শিশু যাদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এবং নিরাপত্তাজনিত মানবিক সহায়তা দরকার, তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে জরুরি আশ্রয় গ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সরকারের প্রতি সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে মিয়ানমার সরকার তাদের অভ্যন্তরীণ সংঘাতের অবসানকল্পে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি আমাদের সরকার যাতে সকল আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে সম্মিলিতভাবে এই শরণার্থী সংকটের একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান খুঁজে বের করতে সচেষ্ট হয়, তারও দাবি জানাই।’বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা সুনিশ্চিত করেও সরকার এই বিপন্ন শরণার্থীদের প্রতি মানবিক সহায়তার হাত প্রসারিত করবে। প্রয়োজনমতো সীমান্ত উন্মুক্ত করার মধ্য দিয়ে তাদের জীবনের সুরক্ষা দেবে, এটাই নাগরিক হিসেবে আমাদের একান্ত প্রত্যাশা।’বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন: হামিদা হোসেন, সুলতানা কামাল, খুশী কবির, রওনক জাহান, কামাল লোহানী, রাজা দেবাশীষ রায়, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, শাহ্দীন মালিক, ইফতেখারুজ্জামান, জাফরুল্লাহ চৌধুরী, ফরিদা আখতার, মেঘনা গুহ ঠাকুরতা, সারা হোসেন, রুবি গজনবী, মাহিন সুলতানা, শাহীন রেজা নূর, সিগমা হুদা, রেহনুমা আহমেদ, বিনা ডি কস্তা, পারভীন হাসান, শিরীন হক, স্বপন আদনান, আসিফ সালেহ প্রমুখ। বিজ্ঞপ্তি।