মিয়ানমারের সঙ্গে চলছে বিশাল ঘাটতির বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের মালামাল আমদানি করে প্রতিবছর গড়ে সাত কোটি টাকার রাজস্ব আয় হলেও এখন পর্যন্ত বন্দরটির অবকাঠামোর তেমন উন্নয়ন হয়নি। দুটি দেশের মধ্যে চোরাচালান বেড়ে যাওয়ায় বন্দরের রাজস্বও আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। রপ্তানি বৃদ্ধি সম্ভব না হওয়ায় বন্দর প্রতিষ্ঠার ১৮ বছর ধরেই চলছে বিশাল ঘাটতির বাণিজ্য। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আগস্টে ৫৩টি বিল অব অ্যান্ট্রির বিপরীতে দুই কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকা রাজস্ব আয় হয়েছে। রপ্তানি হয়েছে ১৮টি বিল অব এক্সপোর্টের বিপরীতে ৩৮ লাখ সাত হাজার ৫২৮ টাকার পণ্য। এই হিসাবে প্রতিমাসে ৩০ থেকে ৪০ লাখ টাকার ঘাটতি বাণিজ্য চলছে। টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার কাজী আবুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘গত ১৮ বছরে মিয়ানমারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার আমদানি পণ্যের বিপরীতে সরকার রাজস্ব আয় করেছে ৭১১ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ১৪৩ টাকা। অন্যদিকে, এই সময়ে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র ৭০ কোটি সাত লাখ ৮৭ হাজার ১৮৮ টাকার পণ্য। বিশাল ঘাটতি দূর করতে আমরা চেষ্টা চালাচ্ছি কিন্তু সফল হচ্ছি না।’সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে এই স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি হচ্ছে মাছ, কাঠ, আদা, মরিচ, রসুন, হলুদ, বরই, সুপারি, বাঁশ, বেত, শুঁটকি, আচার, ডাল, ব্যাটারি, গ্যাসলাইট প্রভৃতি। আর বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে অ্যালুমিনিয়াম সামগ্রী, সিমেন্ট, প্রসাধনসামগ্রী, নারীর মাথার চুল, থান কাপড়, গেঞ্জি প্রভৃতি। গতকাল বুধবার সরেজমিন স্থলবন্দর পরিদর্শন করে দেখা গেছে, কয়েকজন ব্যবসায়ী জাহাজে করে মিয়ানমার থেকে কাঠ ও হিমায়িত মাছ নিয়ে আসেন। এসব মালামাল খালাস করে ট্রাকে বোঝাই করে চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করা হচ্ছে। মাছ আমদানিকারক ও ব্যবসায়ী আবুল হাশেম বলেন, শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই বন্দরে কোনো ব্যাংকের শাখা নেই। নেই প্রয়োজনীয় সংখ্যক গুদাম। নাফ নদীতে থাকা ট্রলার বা জাহাজ থেকে মালামাল খালাসের যন্ত্রপাতিও নেই। শ্রমিক দিয়ে ঝুঁকি নিয়ে মালামাল খালাস করতে হচ্ছে। রয়েছে পানীয় জলের তীব্র সংকট। টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, চোরাচালান বৃদ্ধির কারণে দুই মাস ধরে সরকারের রাজস্ব আয়ও কয়েক গুণ কমে গেছে। তা ছাড়া মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গা-পরিস্থিতির কারণে সীমান্ত-বাণিজ্যে ভাটা পড়েছে। চোরাচালান নিয়ন্ত্রণ করা গেলে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে।বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত চোরাচালান নিরুৎসাহিত করতে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর এই সীমান্ত-বাণিজ্য চালু করা হয়। গতকাল বন্দরটি প্রতিষ্ঠার ১৮ বছর পূর্ণ হয়।