মিয়ানমারের ১৪ নাগরিক আটক
চোরাইপথে অনুপ্রবেশের সময় ২০০ কেজি চিংড়ি, একটি নৌকাসহ মিয়ানমারের চার নাগরিককে আটক করেছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের সদস্যরা। অন্যদিকে বান্দরবানের আলীকদম উপজেলায় মিয়ানমারের আরও ১০ নাগরিক পুলিশের হাতে আটক হয়েছেন।টেকনাফ কোস্টগার্ড সূত্র জানায়, একটি কাঠের নৌকায় করে ২০০ কেজি চিংড়িসহ মিয়ানমারের চারজন নাগরিক গতকাল বুধবার বেলা দুইটার দিকে নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। টেকনাফ কোস্টগার্ড স্টেশনের একটি দল নাফ নদীতে টহলের সময় তাঁদের আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন: মিয়ানমারের মংডুর মাংগালা এলাকার বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে মোহাম্মদ (৩৫), হাজি আবদুল জব্বরের ছেলে হাবির আহমদ (৩০), আবুল হাশেমের ছেলে দীল মোহাম্মদ (২৫) ও জালাল আহমদের ছেলে অলি আহমদ (৩০)। জব্দ করা চিংড়ির দাম আনুমানিক দুই লাখ ৩৩ হাজার টাকা।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা মো. বদরুদ্দোজা জানান, জব্দ করা চিংড়ি ও নৌকাটি টেকনাফ শুল্ক বিভাগে এবং আটক হওয়া ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।