মিয়ানমারের ২৫ নাগরিককে পুশব্যাক
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা অনুপ্রবেশকালে গতকাল মঙ্গলবার ভোরে মিয়ানমারের ২৫ নাগরিককে আটক করেছেন। পরে সকাল ১০টায় শাহপরীর দ্বীপ বাজার পাড়াঘাট দিয়ে তাঁদের মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ভোর পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার বজলুল রহমানের নেতৃত্বে বিজিবির টহল দল শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বদিউর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ২৫ জন নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জন পুরুষ, ১১ জন নারী ও আটটি শিশু রয়েছে। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই-তিন সপ্তাহ ধরে টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে দেড় শতাধিক মিয়ানমারের নাগরিককে আটক করে পুশব্যাক করা হয়েছে।