মিয়ানমারের ৩৩৮ নাগরিক আটক
বঙ্গোপসাগর ও নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় ৪১টি কাঠের নৌকাসহ মিয়ানমারের ৩৩৮ জন নাগরিককে আটক করেছে বিজিবি ও কোস্টগার্ড। আটক হওয়া ব্যক্তিদের বিজিবি ও কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে নাফ নদী অতিক্রম করে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকা থেকে পাঁচটি কাঠের নৌকাসহ মিয়ানমারের ৪৯ জন নাগরিককে আটক করা হয়। অপরদিকে বঙ্গোপসাগর থেকে বুধবার দুপুরে ৩৬টি কাঠের নৌকাসহ মিয়ানমারের ২৮৯ নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এলে স্থানীয় কোস্টগার্ড টহলরত অবস্থায় তাদের আটক করে। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের হাসুরাতা, মেরুল্লা, উধং ও সীতা গ্রামের বাসিন্দা বলে দাবি করেছে। আটক ব্যক্তিদের বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ কোস্টগার্ড ও শাহপরীর দ্বীপ বিজিবির হেফাজতে রাখা হয়েছে।৪২ বর্ডার গার্ড বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ও কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার এস এম মাসুদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক জেলেরা দাবি করছে, ঝড়ের কবলে পড়ে তারা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করেছে। এখন সাগর উত্তাল ও ৩ নম্বর সতর্কসংকেত থাকায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। তাই তাদের আমাদের হেফাজতে রেখে খাদ্য-সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে তাদের নিজ নিজ নৌকায় করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।’