মিয়ানমারের ৯২ জেলেকে কারাগারে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে অবৈধ প্রবেশের অভিযোগে আটক মিয়ানমারের ৯২ জন জেলেকে আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দুপুরে টেকনাফ থানার পুলিশ ৯২ জেলেকে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে। বিচারক মো. তৌফিক আজিজ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানা থেকে বাংলাদেশ নৌবাহিনী ১২টি মাছ ধরার ট্রলারসহ মিয়ানমারের ৯২ জন জেলেকে আটক করে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে মাছ ধরছিলেন।

এ ব্যাপারে গতকাল বুধবার রাতে নৌবাহিনীর বানৌজা ধলেশ্বরী জাহাজের অপারেশন কর্মকর্তা এম এ মতিন বাদী হয়ে ৯২ জেলের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা করেন। মামলায় জেলেদের কাছ থেকে আটক ট্রলার, জাল ও মাছের মূল্য দেখানো হয়েছে প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।