মিয়ানমারের ৯২ জেলেকে ক্ষমা করেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জলসীমায় আটক মিয়ানমারের ৯২ জন জেলেকে ক্ষমা করে দিয়েছে ঢাকা। মিয়ানমারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের নিদর্শন হিসেবে তাদের ক্ষমা করেছে বাংলাদেশ।
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ওই ৯২ জন জেলেকে আটক করা হয়। এরপর ১২টি মাছ ধরার নৌকা থেকে আটক ৯২ জন জেলের বিষয়টি ঢাকায় মিয়ানমার দূতাবাসকে জানানো হয়। তখন মিয়ানমারের দূতাবাস আটক জেলেদের ছেড়ে দিতে বাংলাদেশকে অনুরোধ জানায়। মিয়ানমার দূতাবাস তাদের অনুরোধে উল্লেখ করে, জিপিএসের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় অসাবধানতাবশত তাঁরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

সুপ্রতিবেশীসুলভ মনোভাব এবং ১৯৮০ সালের সীমান্ত ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে মিয়ানমারের অনুরোধে সাড়া দিয়ে আটক ৯২ জন জেলেকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়। ৯২ জন জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে নিতে ঢাকায় মিয়ানমার দূতাবাসকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০১৫ সালের জুলাই ও আগস্টে ২২ জন বাংলাদেশিকে ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠায়।