মীমাংসার অজুহাতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনিতে টিজিংয়ের শিকার স্কুলছাত্রী পারুল আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১০ আসামিকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সারা দেশে যখন ইভটিজিং প্রতিরোধে আন্দোলন চলছে, সেই সময় ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কয়েকটি মানবাধিকার সংস্থা মামলাটি পুনরায় তদন্তেরও দাবি জানিয়েছে।অভিযোগ উঠেছে, পুলিশ সমঝোতার নামে আর্থিক সুবিধা নিয়ে এ মামলার আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম দাবি করেছেন, বাদী ও আসামিরা মামলাটি মীমাংসার জন্য বিদায়ী পুলিশ সুপার মনিরুজ্জামানের কাছে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই গত ২ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তা ছাড়া মামলাটি প্রমাণের মতো যথেষ্ট সাক্ষী পাওয়া যায়নি।বিদায়ী পুলিশ সুপার এস এম মনিরুজ্জামানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমান খান বলেন, আদালতে পারুলের মৃত্যুসংক্রান্ত মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি তিনি দায়িত্ব নেওয়ার আগের ঘটনা। এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই।সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক জ্যোৎস্না দত্ত জানান, সব মামলা মীমাংসা হতে পারে না। দেশে যে হারে ইভ টিজিং বাড়ছে তাতে কিছু ঘটনায় দোষীদের শাস্তি না হলে ইভ টিজিং প্রতিরোধ করা যাবে না। মামলাটি পুনরায় তদন্তের দাবি করেন তিনি। সাতক্ষীরার সরকারি কৌঁসুলি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, মামলাটি কোনো অবস্থায় মীমাংসাযোগ্য নয়। একই কথা বললেন সাতক্ষীরার জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মজিদ।পারুলের বাবা আশাশুনি উপজেলার নয়াবাদ গ্রামের রঞ্জন মণ্ডল গত ২ জুন দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ২০ মে বিকেলে তাঁর একমাত্র মেয়ে দশম শ্রেণীর ছাত্রী পারুলকে নিয়ে তার মা বাসন্তী মণ্ডল দুই কিলোমিটার দূরে খালিয়া গ্রামে অরুবিন্দু হালদারের পুকুরে খাবার জল আনতে যায়। পথিমধ্যে খালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে বেল্লাল হোসেন তাকে জাপটে ধরে চুমু দেয়। এ সময় বেল্লালের সঙ্গে ছিলেন গ্রামের হাসান হাবিব (২০), মো. হাবিবুল্লাহ (১৮) ও অমরেশ হালদার (১৪)। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে বেল্লাল হোসেনদের বাড়িতে সালিস বসে। সালিসে পারুল ও তার মায়ের কাছে ক্ষমা চান বেল্লাল। পরে পারুলের সঙ্গে একই উপজেলার ফটিকখালি গ্রামের সুধাংশু গাইনের ছেলে প্রিয়ঙ্কর গাইনের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন সকালে প্রিয়ঙ্কর তাঁর বন্ধু স্বপন মণ্ডল, পরিতোষ গাইন, দেবদুলাল মণ্ডল, সমীর মণ্ডল ও প্রবীর মণ্ডলকে তাদের বাড়িতে পাঠিয়ে জানিয়ে দেয়, পারুলকে এক ছেলে চুমু দিয়েছে। তাকে প্রিয়ঙ্কর বিয়ে করবেন না। পারুলের বাবার সঙ্গে আলোচনার একপর্যায়ে তাঁরা বিয়ের শর্ত হিসেবে ৮০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় বিয়ে ভেঙে যায়। পারুল লগ্নভ্রষ্ট হয়। ঘটনার পর পারুল মনের দুঃখে ও ক্ষোভে বিষপানে আত্মহত্যা করে।নাম প্রকাশ না করার শর্তে পারুলের পরিবারের এক সদস্য জানান, আর্থিক সুবিধা নিয়ে পুলিশ এ মামলাটি তাদের মীমাংসা করতে বাধ্য করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে লিখিত এফিডেভিটও করে নেওয়া হয়।