পাবনার সাঁথিয়ার শিশু গৃহপরিচারিকা রোমেলা খাতুনকে নির্যাতনের ঘটনায় মামলার পর পাঁচ দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই অবস্থায় মামলা তুলে নিয়ে অর্থের বিনিময়ে আপস-মীমাংসা জন্য আসামিপক্ষ হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রোমেলার বাবা।রোমেলার বাবা ইয়াজ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি অশিক্ষিত গরিব মানুষ। আইনকানুন বুঝি নে। তয় আমার মিয়েডাক বাঁচাবের চাই। উরা গ্রিরামের মাদবরগেরে আমার পিছনে লাগাইছে। হগলেই খালি মীমাংসার কতা কয়।’রোমেলার চাচা মো. আজিজল খান জানান, আসামি এসআই শাহেদ আলী মুঠোফোনে কয়েক দফা ফোন করে কিছু টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব দিয়েছেন। আজিজল বলেন, ‘পুলিশ শাহেদ দারোগাক গ্রেপ্তার করলি সে মীমাংসার জন্যি মাতববরগেরে ধরবের পারত না। মীমাংসার জন্যি চাপও দিবের পারত না।’রোমেলার ওপর নির্যাতনের ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলী ও তাঁর স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে মামলা করেন রোমেলার বাবা। মামলাটির তদন্ত করছে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসআই শাহেদ আলী চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত ছুটিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলার পর ছুটি বাতিল করে তাঁকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা করেননি। ফলে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের জন্য পাবনা ও সিরাজগঞ্জ পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।এসআই শাহেদের শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এসআই শাহেদ আলীকে গ্রেপ্তারের জন্য কয়েক দফা অভিযান চালানো হয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, শাহেদ আলী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের ইয়াজ উদ্দিন তাঁর মেয়ে রোমেলা খাতুনকে সীতাকুণ্ড থানার এসআই শাহেদ আলীর বাসায় কাজ করতে পাঠান। কিন্তু রোমেলা অভিযোগ করে, শাহেদ আলীর স্ত্রী সুইটি বেগম রুটি সেকা গরম খুন্তি ও চামচ দিয়ে পিটিয়ে এবং গরম পানি ও তরকারি ঢেলে তার শরীর পুড়িয়ে দেয়। এতে তার মুখ, পিঠ ও ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে ঘা সৃষ্টি হয়েছে। রোমেলা বর্তমানে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।