মীমাংসায় না আসায় মামলা দিল পুলিশ
ছেলেকে দোকান থেকে তুলে আনার পর বাবাকে ফোন করে ডাকে পুলিশ। মীমাংসায় এলে আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে। বাবা পুলিশের সঙ্গে মীমাংসায় যাননি। পরের দিন ছেলের নামে মাদকের মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটিয়েছেন রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আমজাদ হোসেন। তাঁর বাড়ি নগরের মতিহার থানার বেলঘরিয়া গ্রামে। তিনি বিএডিসির রাজশাহী কার্যালয়ে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। রাজশাহী নগরের আল হেলাল সুপার মার্কেটে তাঁর টাইপ ও ফটোস্ট্যাটের দুটি দোকান রয়েছে। দোকানের নাম ‘ওভি ফটোস্ট্যাট অ্যান্ড টাইপ’। অফিস শেষে ছেলেদের সঙ্গে দোকানে বসেন।
১৬ আগস্ট তাঁর বড় ছেলে আলফাজ হোসেন (২৪) দোকানে ছিলেন। ওই দিন দুপুরে নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক নাসিরুল ইসলাম তাঁকে দোকান থেকে নিয়ে আসেন। এরপর নাসিরুল ইসলাম দোকানমালিক আমজাদ হোসেনকে ফোন করে বলেন, ‘মীমাংসায় রাজি থাকলে থানায় আসেন। ছেলেকে নিয়ে যান। যখন আসবেন, তখনই আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে।’
আমজাদ হোসেন নিজে না এসে তাঁর প্রতিনিধি পাঠাতে চাইলে নাসিরুল আপত্তি করে বলেন, তাঁকেই আসতে হবে। তাঁর হাতেই তিনি ছেলেকে তুলে দেবেন। শর্ত হচ্ছে মীমাংসায় রাজি থাকতে হবে। মুঠোফোনে আমজাদ হোসেন মীমাংসায় রাজি আছেন এবং ছেলেকে নিতে থানায় আসছেন বললেও ভয়ে আর থানায় আসেননি।
ওই দিনই নাসিরুল ইসলাম বাদী হয়ে তাঁর ছেলের নামে একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। আসামি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে গাঁজা রেখেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৭ (ক) ধরায় সংঘটিত অপরাধের অভিযোগ আনা হয়। পরের দিন ১৭ আগস্ট মামলাটি রেকর্ড করে আলফাজ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।
এর মধ্যে তাঁরা আর দোকান খুলতে পারেননি। গত ২৭ আগস্ট আমজাদ হোসেনের ছোট ছেলে আলমাস হোসেন দোকান খুলে বসলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ব্রজগোপাল কর্মকার তাঁকেও ধরে থানায় নিয়ে আসেন। পরে অবশ্য থানায় এনে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে দোকান খুলতে নিষেধ করা হয়। এর পর থেকে আমজাদ হোসেন আর দোকান খুলতে পারেননি।
ব্রজগোপাল আমজাদের ছোট ছেলেকে তুলে আনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি মাদকের মামলার তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় মাত্র ১৫ দিন সময় থাকে। ইতিমধ্যে ওই মামলায় অভিযোগপত্র দিয়ে দেওয়া হয়েছে।’
আমজাদ হোসেন ২১ আগস্ট রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানের সঙ্গে দেখা করেন। পুলিশ কমিশনার তখনই বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বোয়ালিয়া জোনের সহকারী কমিশনারকে বিষয়টি মিটিয়ে দিতে বলেন। পরে তাঁরা কোনো ব্যবস্থা না করলে গত ২৫ আগস্ট আমজাদ হোসেন পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এর পরও তিনি দোকানে বসতে
পারছেন না।