মীর কাসেমের বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন ২৭ এপ্রিল
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ২৭ এপ্রিল তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মীর কাসেমের পক্ষে দ্বিতীয় ও তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
আসামিপক্ষে মোহাম্মদ আলী দ্বিতীয় এবং আবু তাহের খান তৃতীয় সাক্ষী ছিলেন।
আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলার সর্বশেষ ধাপ যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনালের আইন অনুসারে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করা হবে।
মীর কাসেমের মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। আর আসামিপক্ষে দিয়েছেন তিনজন।
গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগে ১৪টি অভিযোগ গঠন করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।