মীর কাসেম আলী ফের কাশিমপুর কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ঢাকা থেকে গত মঙ্গলবার বিকেলে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় তাঁকে বিমর্ষ দেখা যাচ্ছিল বলে কারা কর্তৃপক্ষ জানায়।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত রোববারের এ রায় উপলক্ষে শুক্রবার দুপুরে তাঁকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার সাধারণ পোশাকে আদালতে গেলেও মঙ্গলবার কয়েদির পোশাকে মীর কাসেমকে কারাগারে আনা হয়। তিনি এখন ফাঁসির আসামি হওয়ায় তাঁর ডিভিশন সুবিধাও বাতিল হয়ে গেছে।