মীর কাসেম আলীর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ১৪টি অভিযোগ গঠন করেছেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, মুক্তিযুদ্ধকালে মীর কাসেম চট্টগ্রামে ইসলামী ছাত্রসংঘের সদস্য ছিলেন। রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে নির্যাতনকেন্দ্র ও আল বদরের ক্যাম্প বসানোর অভিযোগ এনেছে। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, অপহরণ ও আটক রেখে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ পড়া শেষে ট্রাইব্যুনাল মীর কাসেম আলীর কাছে তিনি দোষী না নির্দোষ জানতে চান। জবাবে মীর কাসেম নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। পরে ট্রাইকব্যুনাল ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

গত ১৬ মে মীর কাসেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ এনে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর মধ্যে দুটি অভিযোগে আটজনকে নির্যাতনের পর হত্যা এবং অন্য অভিযোগগুলোতে ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, একাত্তরে মীর কাসেম ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) চট্টগ্রাম শহর শাখার সভাপতি ছিলেন, ৭ নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তাঁর নেতৃত্বে ও পাকিস্তানি সেনাদের সহায়তায় আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আছদগঞ্জের মোহাম্মদ পাঞ্জাবীর ভবন (চামড়ার গুদাম), পাঁচলাইশের সালমা মঞ্জিল প্রভৃতি স্থানে নির্যাতন কেন্দ্র গড়ে তোলে।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেমকে গত বছরের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।