মীর কাসেম আলীর রায় তালিকার ১ নম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার জন্য আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে কাল মঙ্গলবার এ রায় ঘোষণা করা হবে। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
২০১৪ সালের ২ নভেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মুক্তিযুদ্ধকালে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় মীর কাসেমকে এ সাজা দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম। ৯ ফেব্রুয়ারি থেকে ওই আপিলের শুনানি শুরু হয়ে গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য ৮ মার্চ দিন ধার্য করেন আদালত।