মীর কাসেম বার্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পেলেন
বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেমকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-৪-এর উপসচিব মো. আহসান কবীর স্বাক্ষরিত এক চিঠিতে ওই দায়িত্ব দেওয়া হয়। আজ বুধবার তিনি ওই পদে যোগদান করবেন।চিঠিতে বলা হয়, মোহাম্মদ মীর কাসেম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকবে। বার্ডের মহাপরিচালক মো. আতাউর রহমান ১৬ এপ্রিল বদলি হয়ে যান। তাঁর বদলিজনিত কারণে ওই পদটি শূন্য হয়। মোহাম্মদ মীর কাসেম ১৯৮২ সালে বার্ডের সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (সিবিপিক) প্রকল্প পরিচালক ও বার্ডের তিনটি শাখার পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। এ ব্যাপারে মোহাম্মদ মীর কাসেম বলেন, ‘বার্ডের কর্মকর্তা-কর্মচারী ও কুমিল্লাবাসীর সর্বাত্মক সহযোগিতা নিয়ে কাজ করব। একই সঙ্গে পল্লি উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখব।’