মীর কাসেমকে আরও এক দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে আরও এক দিন সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ আদেশ দেন।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ তদন্তের স্বার্থে মীর কাসেমকে আরও দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতির আরজি জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ সময় তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে ট্রাইব্যুনাল বলেন, জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে মীর কাসেমের আইনজীবীকে অবশ্যই তা জানাতে হবে।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে এর আগে গত ১৫ সেপ্টেম্বর মীর কাসেমকে ধানমন্ডির সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সে সময় আসামিপক্ষ অভিযোগ করে, তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের বিষয়টি তাঁদের জানাননি।সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে ট্রাইব্যুনাল গত ১৭ জুন মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে।কয়েকটি আবেদনের শুনানি: গতকাল এই ট্রাইব্যুনালে আরও কয়েকটি আবেদনের শুনানি হয়। শুরুতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলায় অতিরিক্ত ছয়জন সাক্ষীর জবানবন্দি ও সংশ্লিষ্ট নথি অন্তর্ভুক্তির আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হূষিকেশ সাহা। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এর বিরোধিতা করে বলেন, তাঁরা এ বিষয়ে লিখিত জবাব দিতে চান। ট্রাইব্যুনাল ১০ অক্টোবরের (বুধবার) মধ্যে লিখিত জবাব জমা দেওয়া এবং ১১ অক্টোবর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন।এরপর জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া রাষ্ট্রপক্ষের সাক্ষী মহসিন আলী খানের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আরজি জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। তিনি বলেন, সাক্ষী মহসিন ২০১০ সালের ৩ আগস্ট তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। তিনি বয়োবৃদ্ধ, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। এক বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে মেয়ের কাছে চলে গেছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থায় বিমানে করে দেশে আসা কঠিন। ট্রাইব্যুনালে তাঁর সাক্ষ্য গ্রহণ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ জন্য তদন্ত কর্মকর্তাকে দেওয়া জবানবন্দিকে ট্রাইব্যুনালস আইনের ১৯(২) ধারা অনুসারে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক।এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষে একজনকে যুক্তরাষ্ট্র থেকে আনা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে মনে হয় না। রাষ্ট্রপক্ষ চাইলে তাঁকে তিন দিনে দেশে আনতে পারে।শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করা হয়।এরপর এই মামলায় আসামিপক্ষের দেওয়া দুই হাজার ৯৩৯ জন সাক্ষীর তালিকা খারিজের আবেদনের শুনানি করেন জেয়াদ-আল-মালুম। শুনানিতে তিনি বলেন, বিচার দীর্ঘায়িত করতে এটি করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম শুনানিতে বলেন, কোন আইনের বলে এ আবেদন করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না। বিচার দীর্ঘায়িত করার অভিযোগ ভিত্তিহীন।এই আবেদনের আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।তদন্ত কর্মকর্তার জবানবন্দি: একই ট্রাইব্যুনালে গতকাল গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমান দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন। তিনি বিভিন্ন জব্দ তালিকা ও আলামত উপস্থাপন করেন। আজও তিনি জবানবন্দি দেবেন।