মীর কাসেমকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে গতকাল শনিবার দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।তদন্ত সংস্থার সূত্র জানায়, মীর কাসেমকে গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ধানমন্ডির সেফ হোমে (তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত স্থান) নিয়ে যাওয়া হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় পাশের ঘরে একজন চিকিৎসক এবং মীর কাসেমের আইনজীবী উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আদেশ অনুসারে তদন্ত সংস্থা গত ১৫ সেপ্টেম্বর মীর কাসেমকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন সময় চায় তদন্ত সংস্থা। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর ট্রাইব্যুনাল আরও এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তবে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে সতর্ক করে বলেন, জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে মীর কাসেমের আইনজীবীকে অবশ্যই জানাতে হবে।প্রথমবার জিজ্ঞাসাবাদের সময় ট্রাইব্যুনালের আদেশ অনুসারে মীর কাসেমের আইনজীবীকে ৪৮ ঘণ্টা আগে না জানানোয় তদন্ত সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছিল আসামিপক্ষ।জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের আদেশ ঠিকমতো পালন করেছে। তবে তাঁকে (মীর কাসেম) জিজ্ঞাসাবাদের নামে সেফ হোমে এনে সারা দিন বসিয়ে রাখা একধরনের হয়রানি।তবে এ অভিযোগ অস্বীকার করে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, তদন্তের স্বার্থেই মীর কাসেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের ফলে তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জিজ্ঞাসাবাদের সময় যাচাই-বাছাই করা হয়েছে। মীর কাসেমকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজন পড়লে আবার অনুমতি চাওয়া হবে।তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম গতকাল জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের বলেন, মীর কাসেম অনেক প্রশ্নের জবাব কৌশলে ও নিজের মতো করে দিয়েছেন। তবে তিনি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন। জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু নিয়ে কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন ট্রাইব্যুনাল মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে।