মীর কাসেমকে মানিকগঞ্জে দাফন না করার দাবি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে মানিকগঞ্জে দাফন না করার দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এ দাবি জানিয়ে আজ শনিবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনগুলো।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মীর কাসেম আলীর জন্মস্থান মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সূতালড়ি ইউনিয়নের মুন্সীডাঙ্গী গ্রামে। ফাঁসি কার্যকর হওয়ার পর তাঁর মরদেহ হরিরামপুরের চালা গ্রামে দাফন করা হবে, এমন খবরে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।
মীর কাসেমের ফাঁসি দ্রুত কার্যকর ও মানিকগঞ্জে মরদেহ দাফন না করার দাবিতে আজ রাত আটটার দিকে জেলা শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মীর কাসেম আলীর মরদেহ মানিকগঞ্জে দাফন না করার দাবি জানান।
মীর কাসেম আলীর দাফন সম্পর্কে হরিরামপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি নাট্যকার হরিপদ সূত্রধর বলেন, ‘মানিকগঞ্জে তো দূরের কথা, এই নরঘাতকের দাফন যেন বাংলার মাটিতে না হয়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আজাহারুল ইসলাম বলেন, ‘কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর জন্ম মানিকগঞ্জে হওয়ায় আমরা লজ্জিত।’
জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ বলেন, সরকারের কাছে দাবি, তাঁর মরদেহ মানিকগঞ্জে যেন না আনা হয়।
জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, এই নরঘাতক মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। কাজেই সরকারের কাছে দাবি, তাঁর দাফন যেন এই পবিত্র মানিকগঞ্জে না হয়।