একাত্তরের গুপ্তঘাতক আলবদর বাহিনীর নেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে গতকাল মঙ্গলবার মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।
গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার-২-এর তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যু পরোয়ানা গত সোমবার দিবাগত রাত একটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আসে। রাতে তাঁকে পরোয়ানা পড়ে শোনানো হয়নি। গতকাল সকাল সাতটার দিকে তা পড়ে শোনানো হয়। এ সময় তাঁকে অনেকটাই স্বাভাবিক মনে হয়েছে।
কারাসূত্র বলেছে, মীর কাসেম কারা কর্মকর্তাদের বলেছেন, স্বজন ও আইনজীবীদের সঙ্গে কথা বলে তিনি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন। মীর কাসেমের ছেলে আইনজীবী মীর আহম্মেদ বিন কাসেম বলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পেলে তাঁর বাবার সঙ্গে আলোচনা করে রিভিউ আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের ফাঁসি বহাল রেখে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় সোমবার। সেদিনই তাঁর মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।