মীর কাসেমকে রায় পড়ে শোনানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায় মীর কাসেম আলীকে পড়ে শোনানো হয়েছে।

আজ বুধবার সকালে কাশিমপুর কারাগারে মীর কাসেমকে রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

৬৩ বছর বয়সী মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী রয়েছেন।

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

গতকাল মঙ্গলবার সকালে এই রায় ঘোষণার পর বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। বিকেলেই রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায়। সেখান থেকে রায়ের অনুলিপি পাঠানো হয় কাশিমপুর কারাগারে।

কাশিমপুর কারাগার-২–এর কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি কাশিমপুর কারাগারে আসে। আজ সকাল সাড়ে সাতটার দিকে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হয়।

নাম প্রকাশ না করে কাশিমপুর কারাগার-২-এর এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মীর কাসেম প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তাঁর ফাঁসি কাশিমপুর কারাগারেই কার্যকর করা হতে পারে। ফাঁসি কার্যকর করার জন্য জল্লাদসহ আনুষঙ্গিক সব ব্যবস্থাই এই কারাগারে আছে।

রিভিউ খারিজের মধ্য দিয়ে মীর কাসেমের আইনি লড়াইয়ের শেষ ধাপের ইতি ঘটেছে। এখন তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এই সুযোগ তিনি নেবেন কি না, তা তাঁর আইনজীবী বা পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি।

প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।