মীর কাসেমকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে গতকাল শনিবার ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।তদন্ত সংস্থার সূত্র জানায়, সমন্বয়ক আবদুল হান্নান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত দল মীর কাসেমকে গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধানমন্ডির সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) জিজ্ঞাসাবাদ করে। দুপুরে এক ঘণ্টার বিরতিসহ প্রায় ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দলটির অন্য সদস্যরা হলেন: তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক, তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম, মতিউর রহমান ও আবদুর রাজ্জাক খান।জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তদন্তের স্বার্থে আমরা উন্মুক্ত করছি না। তবে মীর কাসেম স্বীকার করেছেন, একাত্তরে তিনি ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) চট্টগ্রামের সভাপতি ছিলেন। তদন্তে পাওয়া তথ্য জিজ্ঞাসাবাদে যাচাই করা হয়েছে।’ মীর কাসেমকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিকতর তদন্তের স্বার্থে মীর কাসেমকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ জন্য আমরা আবার ট্রাইব্যুনালের কাছে আবেদন করব।’গত ৮ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মীর কাসেমকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেয়। এটা ট্রাইব্যুনালের আদেশের লঙ্ঘন।