মীর কাসেমের আপিল শুনানি শুরু ২ ফেব্রুয়ারি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের শুনানি আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ ওই আপিল শুনানির এই তারিখ নির্ধারণ করেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, মীর কাসেমের আপিলের শুনানি শুরুর জন্য আগামী ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের একই বেঞ্চে গতকাল মঙ্গলবার মীর কাসেমের আপিল কার্যতালিকায় ছিল। তবে আসামিপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী চূড়ান্ত না হওয়ায় আদালত শুনানির বিষয়ে আদেশের জন্য আজ তারিখ ধার্য করেছিলেন।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ আটজনকে হত্যার দায়ে তাঁকে সর্বোচ্চ সাজা দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম।