মীর কাসেমের আপিল শুনানি ৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি দিন পুনর্নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মঙ্গলবার মীর কাসেমের আপিল শুনানির জন্য ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আপিল শুনানি প্রস্তুতির জন্য সময়ের আরজি জানান। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি দিন পুনর্নির্ধারণ করেন আদালত।
২০১৪ সালের ২ নভেম্বর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসীমসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় মীর কাসেমকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম।