মীর কাসেমের আপিল শুনানির আদেশ আজ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল শুনানির বিষয়ে আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মঙ্গলবার মীর কাসেমের আপিল কার্যতালিকায় ছিল। তবে আসামিপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী চূড়ান্ত না হওয়ায় আদালত শুনানির বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ আটজনকে হত্যার দায়ে তাঁকে সর্বোচ্চ সাজা দেন ট্রাইব্যুনাল।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম। আজ সর্বোচ্চ আদালতের আদেশের পর ওই আপিল শুনানির দিন নির্ধারণ হতে পারে।