মীর কাসেমের আপিলের রায় ৮ মার্চ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার জন্য আগামী ৮ মার্চ দিন নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে গতকাল বুধবার মীর কাসেমের আপিলের শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য প্রথমে ২ মার্চ ধার্য করলেও পরে ৮ মার্চ দিন পুনর্নির্ধারণ করেন আদালত। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
মীর কাসেমের বিরুদ্ধে মামলাটির তদন্ত ও পরিচালনায় রাষ্ট্রপক্ষের গাফিলতিতে গতকালও অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
গতকাল এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি মীর কাসেমের ফাঁসি বহাল রাখার আরজি জানান। তিনি বলেন, আলবদর নেতা হিসেবে মীর কাসেম কোনোভাবেই অপরাধের দায় এড়াতে পারেন না। একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেল ছিল আলবদরের নির্যাতনকেন্দ্র। কোন ব্যক্তিকে অপহরণ করে সেখানে নিয়ে নির্যাতন করা হবে কিংবা কাকে হত্যা করা হবে, সবকিছুই মীর কাসেমের পরামর্শে হয়েছে।
শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলায় রাষ্ট্রপক্ষ যথেষ্ট পরিমাণে পারিপার্শ্বিক সাক্ষ্য ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে। অথচ এই মামলায় তেমন কোনো পারিপার্শ্বিক সাক্ষ্য নেই। তিনি বলেন, ‘এই একটা মামলা আপনারা পুরো দায়সারাভাবে শেষ করেছেন। প্রতিটি মামলায় আপনারা ৭০-৮০টা করে পত্রিকার কাটিং দিয়েছেন, এই মামলায় তেমন কিছু নেই।’
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে মীর কাসেম ২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিলেন। তখন প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কোনো মামলা হয়নি কেন?
এ বিষয়ে মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, ‘লবিস্ট নিয়োগ-সংক্রান্ত একটি কাগজ আমি আদালতে উপস্থাপন করেছি। তখন আদালত বলেছেন, তাহলে মামলা করেননি কেন? জবাবে আমি বলেছি, বিষয়টি আমি দুদককে জানাব।’
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তি খণ্ডন করেন। সঙ্গে ছিলেন এস এম শাহজাহান। মীর কাসেমের খালাসের আরজি জানিয়ে তিনি বলেন, মীর কাসেম আলবদরের নেতা ছিলেন না, তিনি ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা ছিলেন।
এ সময় প্রধান বিচারপতি বলেন, একাত্তরে ছাত্রসংঘই যে আলবদর ছিল, এটা এর আগের রায়গুলোতে চলে এসেছে। এ জন্য আলবদরের অপরাধের দায় মীর কাসেম এড়াতে পারেন না।
দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। পরে খন্দকার মাহবুব নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা জসীম হত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু জসীমের ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদালতে সাক্ষ্য দেননি। জসীমের বোন মাসিক স্বীকৃতি পত্রিকার সম্পাদক ছিলেন। তিনিও জসীম হত্যার সঙ্গে মীর কাসেমের সংশ্লিষ্টতা নিয়ে কিছু লেখেননি। অথচ জসীম হত্যার অভিযোগে রাষ্ট্রপক্ষ যে সাক্ষী এনেছে, তিনি ঘটনা শুনেছেন।
খন্দকার মাহবুব বলেন, ‘আমি আদালতে আবেদন জানিয়েছি, যেহেতু তাঁর (মীর কাসেম) বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ নেই, তাই তাঁকে বেকসুর খালাস দেওয়া যেতে পারে অথবা এ মামলা আবার শুনানি করা যেতে পারে।’
২০১৪ সালের ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মুক্তিযুদ্ধকালে কিশোর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিনসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এ সাজা দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম। ৯ ফেব্রুয়ারি আপিলের শুনানি শুরু হয়।