মীর কাসেমের আপিলের শুনানি হতে পারে কাল
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মামলাটির আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এসেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ৬ নম্বরে আছে। ২০১৪ সালের ২ নভেম্বর মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জামায়াতের এই নেতা ১৯৭১ সালে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শহর শাখার সভাপতি। সেই সঙ্গে তিনি ছিলেন কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকার ডালিম হোটেলে স্থাপিত হয় আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র। একাত্তরে চট্টগ্রামে এই ডালিম হোটেলকে কেন্দ্র করেই আবর্তিত হতো সব ধরনের মানবতাবিরোধী অপরাধ, যার তত্ত্বাবধানে ছিলেন আলবদরের নেতা মীর কাসেম আলী। এর ফলে ডালিম হোটেল মানুষের কাছে পরিচিতি পায় হত্যাপুরী হিসেবে। আর নৃশংসতার জন্য মীর কাসেম পরিচিতি পান ‘বাঙালি খান’।
মীর কাসেমের বিরুদ্ধে গঠন করা ১৪টি অভিযোগের মধ্যে ১০টি (২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০, ১১, ১২ ও ১৪ নম্বর) সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। ১১ ও ১২ নম্বর অভিযোগে কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নির্যাতনের এসব অভিযোগে সর্বসম্মতভাবে মীর কাসেমকে নানা মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয়টি অভিযোগে সাত বছর করে কারাদণ্ড, একটি অভিযোগে ২০ বছর ও অপর অভিযোগে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। চারটি অভিযোগ (১, ৫, ৮ ও ১৩ নম্বর) প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় সেসব অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, ডালিম হোটেলের আলবদর ক্যাম্প ছিল সব অপরাধের কেন্দ্রবিন্দু। সব আটক, নির্যাতন ও হত্যার ঘটনা এখানেই ঘটেছে। এখানে বন্দীদের ওপর দিনের পর দিন নির্যাতন করা হতো। অনেকেই এই নিদারুণ নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন; তরুণ মুক্তিযোদ্ধা জসিম, টুন্টু সেন ও রঞ্জিত দাস এভাবেই প্রাণ হারিয়েছেন। এই ডালিম হোটেলের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বে ছিলেন মীর কাসেম আলী। তাঁর পরিকল্পনা ও নির্দেশনায় ডালিম হোটেল পরিচালিত হতো। আসামিপক্ষের সাক্ষ্য থেকেও প্রমাণিত হয়েছে, ডালিম হোটেলে আলবদর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং আলবদর বাহিনীর ব্যবস্থাপনায় এটি ছিল কেন্দ্রীয় ও বিস্তৃত একটি নির্যাতনকেন্দ্রের মডেল। ট্রাইব্যুনালের অভিমত, একাত্তরে ডালিম হোটেল পদ্ধতিগত হত্যাকাণ্ডের আখড়ায় পরিণত হয়, মীর কাসেম ছিলেন যার অবিচ্ছেদ্য অঙ্গ।