মীর কাসেমের আপিলের শুনানি ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামি মীর কাসেমের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান।
আপিল বিভাগের এই বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মুক্তিযুদ্ধের সময় কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাঁকে এ সাজা দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম।