মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কারাবন্দী নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমাদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। তাঁকে আটকের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করায় বিস্ময় প্রকাশ করেছে জামায়াত।
গতকাল বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে একদল সাদাপোশাকধারী লোক মীর আহমাদ বিন কাসেমকে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তুলে নেয়। মীর কাসেম আলীর মামলার অন্যতম আইনজীবী মীর আহমাদ। মীর কাসেমের মামলা পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি এবং তাঁকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাঁর আইনজীবী ছেলেকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।
অবিলম্বে মীর আহমাদ বিন কাসেমকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, তাঁর কোনো ক্ষতি হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।