মীর কাসেমের ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় জামায়াতের নেতা মীর কাসেম আলীর ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট থানা পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মীর কাসেমের ছেলে মোহাম্মদ বিন কাসেম ওরফে সালমান ছাড়া অন্য তিন আসামি হলেন সরোয়ার জাহান, আয়শা সুলতানা ও এহতেশাম ফেরদৌস।
বনানীর বাসিন্দা আশরাফুল হক নামের এক ব্যবসায়ী গত বছরের ১১ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাতজনের বিরুদ্ধে মামলাটি করেন। বাকি তিন আসামি ফয়জুল্লাহ, সাইফুল আলম খান ও রওশন আরার বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে কোনো আদেশ দেননি। আসামিরা সবাই ইডেন লাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক।
মামলার অভিযোগ বলা হয়, আসামিরা বাদীকে ইডেন লাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার কেনার ও পরিচালক করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব অনুযায়ী বাদী এক কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনেন। কিন্তু তাঁকে পরিচালক করা হয়নি।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বহির্গমন তেল পরিবহনকারী জাহাজের কাছ থেকে তেলের ট্যাংক কেনার কথা। সেই তেল বিক্রি করে প্রত্যেক পরিচালক ২২ লাখ মার্কিন ডলার লাভ করবেন বলে বলা হয়। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়নি।
পরবর্তী সময় বাদী টাকা ফেরত চাইলে গত বছরের ৬ মে ইসলামী ব্যাংকের মাধ্যমে তাঁকে পাঁচ লাখ টাকা ফেরত দেওয়া হয়। বাকি টাকা ফেরত না দিয়ে আত্মসাত্ করা হয়। এই অভিযোগে গত বছরের১১ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিষ্ঠানের সাত পরিচালকের বিরুদ্ধে মামলাটি করা হয়।