মীর কাসেমের নির্দেশে তাঁকে পেটানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী এস এম সরওয়ার উদ্দিন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় অবস্থিত ডালিম হোটেলে আটক অবস্থায় মীর কাসেমের নির্দেশে তাঁকে পেটানো হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সরওয়ার উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।
জবানবন্দিতে সরওয়ার উদ্দিন (৬২) বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও থানার নূরুজ্জামান নাজিরবাড়ি গ্রামে। একাত্তরের ২৯ নভেম্বর দিবাগত রাতে পাকিস্তানি সেনা ও এক আলবদর সদস্য তাঁকে বাড়ি থেকে আরও অনেকের সঙ্গে আটক করে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় আলবদরের সদর দপ্তর ডালিম হোটেলে নিয়ে যায়। সেখানে আটক অবস্থায় তাঁকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মীর কাসেম আলী ও আলবদর সদস্যরা। তিনি কিছু জানেন না বললে মীর কাসেম আলী তাঁকে পেটানোর নির্দেশ দেন। আলবদররা তখন বৈদ্যুতিক তার দিয়ে তাঁকে পেটাতে শুরু করে ও রক্তাক্ত করে ফেলে। পরে তাঁকে আরেকটি ঘরে নিয়ে পেটানো হয়। ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ডালিম হোটেলে বন্দী ছিলেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, ডালিম হোটেলে তিনি অন্য বন্দীদের কান্নাকাটি শুনতে পেতেন, মাঝেমধ্যে আলবদর সদস্যরা অস্ত্র হাতে টহল দিত। মাঝেমধ্যে মীর কাসেম আলী সেখানে যেতেন, তখন আলবদর সদস্যদের তৎপরতা ও নির্যাতনের মাত্রা বেড়ে যেত। আলবদররা মীর কাসেমকে ‘কমান্ডার সাহেব’ বা ‘খান সাহেব’ বলত। ডালিম হোটেল থেকে তিনি ১৫ ডিসেম্বর মুক্তি পান।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মীর কাসেমকে শনাক্ত করেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩১ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।