মীর কাসেমের নির্দেশে পেটায় আলবদররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের ডালিম হোটেলে বন্দী থাকাকালে তাঁকে মীর কাসেমের নির্দেশে আলবদররা ইচ্ছামতো পেটায়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ নাসিরুদ্দিন চৌধুরী (৬০) এই জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার হুলাইনে। ১৯৭১ সালের এপ্রিলের প্রথম দিকে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যান। প্রশিক্ষণ শেষে জুনের মাঝামাঝি তিনি দেশে ফেরেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সে যোগ দেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালীতে বিভিন্ন অভিযানে অংশ নেন। অক্টোবরের মাঝামাঝি চট্টগ্রাম শহরে গিয়ে যুদ্ধ করতে থাকেন।
এই সাক্ষী বলেন, চট্টগ্রাম শহরে থাকাকালে আন্দরকিল্লার ‘মহাদ্দেস ভিলা’ ছিল তাঁর গোপন আস্তানা। ওই বাড়ির কাছে ছিল আলবদর বাহিনীর সদর দপ্তর ডালিম হোটেল। নভেম্বরের শেষ দিকে এক রাতে আলবদর সদস্যরা তাঁর আস্তানা ঘেরাও করে এবং তাঁকে মারতে মারতে ডালিম হোটেলে নিয়ে যায়। সেখানে একটি অন্ধকার ঘরে তাঁকে মারধর করে এবং অস্ত্রশস্ত্র ও সহযোদ্ধাদের কথা জানতে চায়। কিছুক্ষণ পর মীর কাসেম আলী অন্য আলবদরদের নিয়ে ওই ঘরে ঢোকেন। মীর কাসেম তাঁকে দেখিয়ে আলবদরদের বলেন, ‘ওর কাছ থেকে কি এখনো কিছু আদায় করতে পারোনি? ওকে আরও পেটাও।’ এরপর আলবদররা তাঁকে লাঠি, রড, বৈদ্যুতিক তার প্রভৃতি দিয়ে ইচ্ছামতো পেটায়। একপর্যায়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে আলবদররা বেরিয়ে যায়। ওই ভবনে আরও মানুষের আর্তনাদ ও গোঙানির শব্দ পেতেন তিনি।
নাসিরুদ্দিন চৌধুরী বলেন, একাত্তরের ৬ ডিসেম্বর আলবদররা বলাবলি করছিল, চট্টগ্রাম বিমানবন্দরে বোমা ফেলা হয়েছে, মীর কাসেম আলী সেখানে আহত হয়েছেন। ১৬ ডিসেম্বর সকালে দরজা ভাঙা হলে তিনি বাইরে অনেক লোক দেখেন। জানতে পারেন, আলবদররা পালিয়ে গেছে।
জবানবন্দি শেষে নাসিরুদ্দিন চৌধুরীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।