জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আসামিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মীর কাসেমের ছোট বোন মমতাজ নূর উদ্দিন। জবানবন্দিতে তিনি দাবি করেন, ১৯৭১ সালের নভেম্বর থেকে ১৯৭২ সালের মার্চ মাস পর্যন্ত মীর কাসেম তাঁর ঢাকার বাসায় থাকতেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মমতাজ নূর উদ্দিন জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তিনি পুরান ঢাকার আগামসি লেনের ভাড়া বাসায় স্বামী-সন্তানসহ থাকতেন। মীর কাসেম আলী তাঁর বড় ভাই। একাত্তরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মীর কাসেম তাঁর ঢাকার বাসায় আসেন। ১৯৭২ সালের মার্চে তাঁর (সাক্ষী) স্বামী কুমিল্লার একটি কলেজে চাকরি পাওয়ার সুবাদে তাঁরা কুমিল্লায় চলে যান। কুমিল্লায় যাওয়ার আগ পর্যন্ত মীর কাসেম তাঁদের বাসায় থাকতেন, মার্চে বাসা ছেড়ে অন্যত্র চলে যান।
জবানবন্দি শেষে আসামিপক্ষের এই সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। জেরায় বিভিন্ন প্রশ্নের জবাবে মমতাজ নূর উদ্দিন বলেন, তাঁরা চার ভাই, এক বোন। তাঁদের পৈতৃক বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর গ্রামে। ১৯৬৯ সালের ১৪ ডিসেম্বর তাঁর বিয়ে হয়, তখন তাঁর বাবার কর্মস্থল ছিল চট্টগ্রাম। বিয়ের পর তিনি ঢাকার আগামসি লেনে স্বামীর বাসায় চলে আসেন।
পরে ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে মমতাজ বলেন, মীর কাসেম একাত্তরের প্রথম সপ্তাহে কুমিল্লা থেকে ঢাকার বাসায় আসেন। তখন তাঁর বাবা চাকরির সুবাদে কুমিল্লায় থাকতেন, মীর কাসেম থাকতেন বাবার সঙ্গে। মীর কাসেম তাঁকে সঙ্গ দেওয়ার জন্য ঢাকার বাসায় এসেছিলেন। ১৯৭২ সালের মার্চে তাঁরা কুমিল্লায় চলে গেলে তাঁর ভাই কুমিল্লায় বাবার বাসায় চলে যান।
এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় তদন্ত কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মীর কাসেম আলী চট্টগ্রাম কলেজে পড়তেন এবং জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম কলেজ শাখা ও শহর শাখার সভাপতি ছিলেন।