জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন গত সোমবার শেষ হয়।
এদিকে জাতীয় পার্টির সাবেক সাংসদ আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন গতকাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মীর কাসেমের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। তিনি মীর কাসেমের বিরুদ্ধে ২, ৩, ৪, ৬ ও ৮ নম্বর অভিযোগের ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। তিনি দাবি করেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যে এসব অভিযোগ প্রমাণিত হয় না। প্রথম ও পঞ্চম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করায় আসামিপক্ষও সেগুলোতে কোনো যুক্তি দেয়নি।
আজ বুধবার মীর কাসেমের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষ গত রোববার মীর কাসেমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করে। রোববার ১০টি অভিযোগের ওপর যুক্তি দেওয়া হয়। সোমবার বাকি চারটি অভিযোগের ওপর যুক্তি দেওয়া শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষের দাবি, মীর কাসেমের বিরুদ্ধে গঠন করা ১৪টি অভিযোগের মধ্যে ১২টি তাঁরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তাঁরা মীর কাসেমের সর্বোচ্চ শাস্তির আরজি জানান ট্রাইব্যুনালের কাছে।
জব্বারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা: জাতীয় পার্টির সাবেক সাংসদ আবদুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন গতকাল ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। আবদুল জব্বারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন এ প্রতিবেদন জমা দেন।
একাত্তরে পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে জোর করে ধর্মান্তরিত করা এবং ৫৫৭টি বাড়ি লুট ও অগ্নিসংযোগের পাঁচটি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
তদন্ত সংস্থা জানায়, আবদুল জব্বারের জন্ম মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া গ্রামে। তদন্ত সংস্থার কাছে থাকা সর্বশেষ তথ্য অনুসারে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।
আবদুল জব্বার ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন।
খন্দকার মাহবুবের বিষয়ে শুনানি ৮ মে: বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল খন্দকার মাহবুবের আইনজীবী তাজুল ইসলাম সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।