জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির আদেশ হওয়ায় তাঁর পৈতৃক বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ও জেলা শহরে আনন্দ মিছিল হয়েছে। মিষ্টিমুখ করেছে মানুষজন।
এ ছাড়া মুন্সিগঞ্জ ও গাজীপুরে আনন্দ মিছিল হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: গতকাল রোববার রায় ঘোষণার পরপরই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার নেতা-কর্মীরা শহরের শহীদ রফিক সড়কে আনন্দ মিছিল বের করেন। পরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন তাঁরা। সেখানে সংগঠনের জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে মীর কাসেমের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হয়েছে। আমরা এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।’
দীপুক কুমারের সভাপতিত্বে ওই সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন খান, মুক্তিযোদ্ধা সংসদের সদর কমান্ডার ইয়াকুব আলী, গণজাগরণ মঞ্চের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রায় একই সময়ে হরিরামপুর সদরে আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা চত্বরে মিছিল-পরবর্তী এক সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার শাখারী, প্রচার সম্পাদক মহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। প্রতিটি স্থানেই মিষ্টি বিতরণ করা হয়।
মীর কাসেম আলীর পৈতৃক বাড়ি হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের মুন্সিডাঙ্গি গ্রামে। তাঁর বাবা মৃত মীর তৈয়ব আলী চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। সেই সুবাদে পরিবারের সঙ্গে মীর কাসেম চট্টগ্রামেই থাকতেন। তবে ১৯৮৫ সালের পর থেকে হরিরামপুরে মীর কাসেম আলীর অনিয়মিত যাতায়াত ছিল।
মুন্সিগঞ্জ: গতকাল দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আনন্দ মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে আবার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
গাজীপুর: দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় যুবলীগ নেতা সেলিম আজাদের নেতৃত্বে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ ছাড়া জেলার টঙ্গীতে ও চান্দনা চৌরাস্তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে।