মীর কাসেমের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে ২৪০ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

নিয়ম অনুসারে মীর কাসের রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারবেন। এরপরও যদি ফাঁসির রায় বহাল থাকে, তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন মীর কাসেম। আপিল শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত চলতি বছরের ৮ মার্চ ফাঁসির দণ্ড বহাল রাখেন।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত নেতা মীর কাসেম ছিলেন কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান। তিনি ১৯৭০ সালে চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি হন। একাত্তরের ২৫ মার্চ থেকে ৬ নভেম্বর পর্যন্ত তিনি চট্টগ্রাম শহর শাখা ছাত্রসংঘের সভাপতি ছিলেন। ৭ নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে ইসলামী ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে আত্মপ্রকাশ করলে মীর কাসেম এর প্রতিষ্ঠাতা সভাপতি হন। ১৯৮০ সালে তিনি রাবেতা আল-আলম আল-ইসলামী নামের একটি বিদেশি বেসরকারি সংস্থার এদেশীয় পরিচালক হন। ১৯৮৫ সাল থেকে তিনি জামায়াতের শুরা সদস্য। তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান।

মীর কাসেমের নেতৃত্ব ও দিকনির্দেশনায় মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকার ডালিম হোটেলে স্থাপিত হয় আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র। একাত্তরে চট্টগ্রামে এই ডালিম হোটেলকে কেন্দ্র করেই আবর্তিত হতো সব ধরনের মানবতাবিরোধী অপরাধ, যার তত্ত্বাবধানে ছিলেন মীর কাসেম। এ কারণে ডালিম হোটেল মানুষের কাছে পরিচিতি পায় হত্যাপুরী হিসেবে। আর নৃশংসতার জন্য মীর কাসেমের পরিচয় হয় ‘বাঙালি খান’।