
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ গঠন করেছেন। ৩০ সেপ্টেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়াল তিনে। এই ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় রয়েছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল-আমীন মুলতবির আবেদন জানান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ এ আবেদনের বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে ট্রাইব্যুনাল মীর কাসেমের উপস্থিতিতে তাঁর বিরুদ্ধে গঠন করা ১৪টি অভিযোগ পড়ে শোনান। এসব অভিযোগের মধ্যে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ ১২টি, হত্যা ও নির্যাতনের অভিযোগ দুটি।
আসামির পরিচিতি: মীর কাসেম (৬১) একাত্তরের ২৫ মার্চ চট্টগ্রাম শহর শাখা ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি হন। ৭ নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ওই সময় পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি ছিলেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। স্বাধীনতার পর ১৯৭৭ সালে ছাত্র সংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে আত্মপ্রকাশ করলে মীর কাসেম হয়েছিলেন শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮৫ সাল থেকে তিনি জামায়াতের শুরা সদস্য।
আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, মীর কাসেম চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী আলবদর গঠনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে ও সহযোগী রাজাকারদের সহযোগিতায় চট্টগ্রামের কোতোয়ালির পুরোনো টেলিগ্রাফ অফিস হিল রোডের মহামায়া ডালিম হোটেল, আছদগঞ্জে মোহাম্মদ পাঞ্জাবীর ভবনের চামড়ার গুদাম, পাঁচলাইশের সালমা মঞ্জিল প্রভৃতি জায়গায় নির্যাতনকেন্দ্র গড়ে ওঠে। সেলিম মনসুর খালেদের লেখা আলবদর অনুসারে, একাত্তরের ১০ মে পাকিস্তানি লে. কর্নেল আযম ও অপারেশন চিফ ফাতেমি চট্টগ্রাম ছাত্র সংঘের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সভা করেন এবং জুনের মাঝামাঝি সেখানে আলবদরের একটি কোম্পানি গঠন করেন। সে সময় পুরো জেলায় আলবদরের ৩৭টি প্লাটুন ছিল।
আটজনকে হত্যার অভিযোগ: মীর কাসেমের বিরুদ্ধে গঠন করা ১১ ও ১২ নম্বর অভিযোগে আটজনকে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ১১ নম্বর অভিযোগ অনুসারে, ১৯৭১ সালে পবিত্র ঈদুল ফিতরের পর একদিন মুক্তিযোদ্ধা জসিমকে অজ্ঞাত স্থান থেকে অপহরণ করে আলবদরের সদস্যরা। মীর কাসেমের নির্দেশে তাঁকে ডালিম হোটেলের নির্যাতনকেন্দ্রে নেওয়া হয়। ২৮ নভেম্বর আসামির নেতৃত্বে ও নির্দেশে আলবদররা ডালিম হোটেলের ছাদে জসিমকে নির্যাতন করে হত্যা করে। পরে সেখানে নির্যাতনে নিহত আরও পাঁচজনের লাশের সঙ্গে জসিমের লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়।
১২ নম্বর অভিযোগ অনুসারে, নভেম্বরে মীর কাসেমের নির্দেশে আলবদররা চট্টগ্রামের হিন্দু-অধ্যুষিত হাজারী গলির ১৩৯ নম্বর বাড়ি থেকে রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে যায়। পরে তাঁদের হত্যা করে লাশ গুম করা হয়। রঞ্জিত ও টুন্টুকে অপহরণের সময় পাকিস্তানি সেনা এবং রাজাকার-আলবদররা হাজারী গলির ২৫০-৩০০টি দোকান লুট ও এগুলোতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর অনেকে ভিটা ছেড়ে দেশত্যাগে বাধ্য হয়।
২৪ জনকে নির্যাতনের অভিযোগ: মীর কাসেমের বিরুদ্ধে গঠন করা বাকি ১২টি অভিযোগে ২৪ জনকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, ৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর বিজয়ের আগ পর্যন্ত এসব অপহরণ ও আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ২৪ জনের নাম এসব অভিযোগে উল্লেখ করা হয়। অপহরণের পর তাঁদের ডালিম হোটেল, সালমা মঞ্জিল বা আছদগঞ্জের নির্যাতনকেন্দ্রে আটকে রেখে নির্যাতন করা হয়। মীর কাসেমের নেতৃত্বে ও নির্দেশে তাঁর নিয়ন্ত্রণাধীন আলবদর এসব অপহরণ ও নির্যাতন করে।
১৪টি অভিযোগ পড়া শেষ হলে ট্রাইব্যুনাল আসামির কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? মীর কাসেম বলেন, ‘আমি সম্পূর্ণভাবে নির্দোষ।’ পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
২০১২ সালের ১৭ জুন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। চলতি বছরের ১৬ মে রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হওয়া জামায়াতের সপ্তম নেতা।