জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২৭ জুন তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, মীর কাসেমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যবেক্ষণ করে দেখা যায়, তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের গুরুতর প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) রয়েছে। এ জন্য অভিযোগ আমলে নেওয়া হলো। ২৭ জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। আসামিপক্ষকে সংশ্লিষ্ট নথিপত্রের অনুলিপি সরবরাহের জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
১৬ মে রাষ্ট্রপক্ষ মীর কাসেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এসব অভিযোগের মধ্যে একাত্তরে মুক্তিযুদ্ধকালে আটজনকে নির্যাতনের পর হত্যা ও লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, মুক্তিযুদ্ধকালে মীর কাসেম চট্টগ্রাম শহর শাখা ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি হন, একাত্তরের ৭ নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। একাত্তরে তাঁর নেতৃত্বে ও পাকিস্তানি সেনাদের সহায়তায় আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আছদগঞ্জের মোহাম্মদ পাঞ্জাবীর ভবন (চামড়ার গুদাম), পাঁচলাইশের সালমা মঞ্জিল প্রভৃতি স্থানে নির্যাতন কেন্দ্র গড়ে তোলে। ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম ১৯৮০ সালে রাবিতা আল-আলম আল-ইসলামী নামের একটি বিদেশি বেসরকারি সংস্থার এ দেশীয় পরিচালক হন। এ ছাড়া তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
গত বছরের ১৭ জুন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।