মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি রাষ্ট্রপক্ষের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষ এ আরজি জানায়। অভিযোগের বিষয়ে আসামিপক্ষ শুনানি করবে ৭ আগস্ট। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ সংক্ষিপ্তভাবে মীর কাসেমের বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগ উপস্থাপন করেন। তিনি আনুষ্ঠানিক অভিযোগের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শোনান। মীর কাসেম এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। শুনানিতে সুলতান মাহ্মুদ বলেন, মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে পর্যাপ্ত মৌখিক ও দালিলিক সাক্ষ্য রয়েছে। তিনি মুক্তিযুদ্ধকালে কুখ্যাত আলবদর বাহিনীর প্রভাবশালী সদস্য ছিলেন। আলবদর বাহিনী গঠিত হয় মূলত জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্যদের দিয়ে। একাত্তরের শেষ দিকে মীর কাসেম তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ওই সময় সংগঠনটির সভাপতি ছিলেন বর্তমানে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সম্প্রতি মুজাহিদকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। অভিযোগ গঠনের শুনানি অনুসারে, মীর কাসেমের বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে দুটিতে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যার অভিযোগ আনা হয়েছে। শুনানিতে সুলতান মাহ্মুদ বলেন, একাত্তরে মীর কাসেমের নেতৃত্বে ও পাকিস্তানি সেনাদের সহায়তায় আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আছদগঞ্জের মোহাম্মদ পাঞ্জাবির ভবন (চামড়ার গুদাম), পাঁচলাইশের সালমা মঞ্জিল প্রভৃতি স্থানে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে। জামায়াতের বর্তমান ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী ১৯৮০ সালে রাবেতা আল-আলম আল-ইসলামী নামের একটি বিদেশি বেসরকারি সংস্থার এ দেশীয় পরিচালক হন। তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। গত বছরের ১৭ জুন তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষ সময়ের আরজি জানায়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ৭ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেন।