মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ আগস্ট
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল বলেন, অভিযোগ থেকে মীর কাসেমের অব্যাহতি চেয়ে আসামিপক্ষের করা আবেদন ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হোক।শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মীর কাসেম আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গত ১৬ মে মীর কাসেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ এনে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর মধ্যে দুটি অভিযোগে আটজনকে নির্যাতনের পর হত্যা এবং বাকি অভিযোগগুলোতে ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, একাত্তরে মীর কাসেম ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) চট্টগ্রাম শহর শাখার সভাপতি ছিলেন, ৭ নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তাঁর নেতৃত্বে ও পাকিস্তানি সেনাদের সহায়তায় আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আছদগঞ্জের মোহাম্মদ পাঞ্জাবির ভবন (চামড়ার গুদাম), পাঁচলাইশের সালমা মঞ্জিল প্রভৃতি স্থানে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে।ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেমকে গত বছরের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ: এদিকে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। রাষ্ট্রপক্ষ গত মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এ-সংক্রান্ত আবেদন জমা দেয়।