মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ দাখিলের ধার্য দিন ২৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।গতকাল মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। দুপুরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। তিনি বলেন, তদন্ত শেষে অভিযোগ দাখিল করতে রাষ্ট্রপক্ষের আরও দুই মাস সময় লাগবে। পরে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের দিন ধার্য করেন।গত বছরের ১৭ জুন মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ মীর কাসেমকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠান।মীর কাসেম ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। গতকাল তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হলেও এজলাসে নেওয়া হয়নি।রাষ্ট্রপক্ষের অভিযোগ, একাত্তরে মীর কাসেম জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চট্টগ্রামে আলবদর বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। চট্টগ্রামের ডালিম হোটেলে তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আলবদর বাহিনীর নির্যাতনকেন্দ্রে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের আটকে রেখে নির্যাতন করা হতো। নির্যাতনের শিকার কয়েকজন ব্যক্তির জবানবন্দি ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ তদন্তে পাওয়া গেছে।