মীর কাসেমের বিরুদ্ধে আদেশ ২৯ আগস্ট
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে ২৯ আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কান্তি বল শুনানি করেন। পরে আদেশের জন্য ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন। মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে দুটিতে হত্যা এবং অন্যগুলোতে অপহরণ, নির্যাতন, লুণ্ঠনের অভিযোগ রয়েছে। মীর কাসেমকে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
জামায়াতের বর্তমান ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী ১৯৮০ সালে রাবেতা আল-আলম আল-ইসলামী নামের একটি বিদেশি বেসরকারি সংস্থার এ দেশীয় পরিচালক হন। তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। গত বছরের ১৭ জুন মীর কাসেমকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
আদালত অবমাননার বিষয়ে শুনানি কাল
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গতকাল মঙ্গলবার আবেদন দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।