জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল প্রথমে জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. সালাহউদ্দিন (৬০)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ৩০ নভেম্বর তাঁকে, তাঁর চাচা মো. জাকারিয়া, জেঠাতো ভাই নাজিম, জাফর ও আরেক চাচা এস্কান্দারকে আলবদররা আটক করে চট্টগ্রাম শহরের ডালিম হোটেলে নিয়ে যায়। তাঁদের সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে একদিন কেউ একজন তাঁকে (সাক্ষী) ডেকে নিয়ে যান। ওই লোকটি তাঁকে বলেন, ‘আমাদের কমান্ডার মীর কাসেম আলী তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন।’ জিজ্ঞাসাবাদে তিনি (সাক্ষী) কোনো প্রশ্নের জবাব দিতে না পারলে মীর কাসেম তাঁকে বলেন, ‘না বললে তোমাকে কেটে টুকরা টুকরা করে কর্ণফুলীতে ভাসিয়ে দেব।’ এর পরও কোনো জবাব না দেওয়ায় মীর কাসেম আলবদরদের নির্দেশ দেন, ‘ওকে ভালো করে ধোলাই করো।’ পরে আজিম সওদাগর নামের এক ব্যক্তির সহযোগিতায় তাঁর বাবা তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
এরপর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী ও মো. সালাহউদ্দিনের চাচা মো. জাকারিয়া (৭২)। জবানবন্দিতে তিনি সালাহউদ্দিনের মতো একই ধরনের বিবরণ দেন।
জবানবন্দি শেষে এই দুই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ মঙ্গলবার এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।