মীর কাসেমের বিরুদ্ধে তদন্তের সময় বাড়ল আরও দুই মাস
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আরও দুই মাস সময় বাড়ানো হয়েছে। ওই সময় পর্যন্ত তাঁর আটকাদেশের মেয়াদও বাড়ানো হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। সকালে মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হূষিকেশ সাহা তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। কৌঁসুলি বলেন, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এর আগে মীর কাসেমের বিরুদ্ধে চট্টগ্রামের মহামায়া ডালিম হোটেলে নির্যাতন কেন্দ্র গঠনের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। তদন্তের এ পর্যায়ে তাঁর বিরুদ্ধে আছদগঞ্জ ও পাঁচলাইশে আরও দুটি নির্যাতন কেন্দ্র পরিচালনার সাক্ষ্য-প্রমাণ মিলেছে। তিনি শত শত কোটি টাকা খরচ করে দেশ-বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন। এসব বিষয় তদন্তের জন্য আরও সময় দরকার। মীর কাসেম মুক্ত থাকাকালে যেসব সাক্ষী ভয়ে সাক্ষ্য দিচ্ছিলেন না, এখন তাঁরা সাক্ষ্য দিতে আসছেন। এ জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে আটক রাখা দরকার।মীর কাসেমকে আবার ধানমন্ডির সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদের আরজি জানিয়ে হূষিকেশ সাহা বলেন, এর আগে এক দিন মীর কাসেমকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও শেষ করা যায়নি। তাঁকে আরও দুই দিন জিজ্ঞাসাবাদ করা দরকার।এরপর ট্রাইব্যুনাল আদেশে বলেন, ২৭ নভেম্বরের মধ্যে মীর কাসেমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। ওই দিন পর্যন্ত তিনি কারাগারে আটক থাকবেন এবং সেদিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। ট্রাইব্যুনাল বলেন, আবার সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে ৩০ সেপ্টেম্বর (রোববার) আদেশ দেওয়া হবে।মীর কাসেমকে আইনজীবীর উপস্থিতি ছাড়া সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের আগে তাঁর আইনজীবীকে নোটিশের মাধ্যমে না জানানোয় তদন্ত সংস্থার বিরুদ্ধে আসামিপক্ষের করা আদালত অবমাননার আবেদনের শুনানি হয় গতকাল। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ১৫ দিনের মধ্যে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।তদন্ত সংস্থা ১৫ সেপ্টেম্বর মীর কাসেমকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করে। সেদিন আসামিপক্ষ অভিযোগ করে, ট্রাইব্যুনালের আদেশে একজন আইনজীবীর উপস্থিতিতে আসামিকে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে আসামির আইনজীবীকে নোটিশের মাধ্যমে জানানোর নির্দেশনা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। ১৬ সেপ্টেম্বর আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম তদন্ত সংস্থার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনেন।সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে ট্রাইব্যুনাল চলতি বছরের ১৭ জুন দিগন্ত মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মীর কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাষ্ট্রপক্ষ জানায়, মুক্তিযুদ্ধকালে মীর কাসেম জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রামে আলবদর বাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। তাঁর বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের নানা অভিযোগ রয়েছে।