জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষে তিনজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা সবাই জব্দ তালিকার সাক্ষী।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল প্রথমে জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের ২১তম ও জব্দ তালিকার সাক্ষী কাওসার শেখ। তিনি চট্টগ্রাম গণগ্রন্থাগারের বুক সর্টার। রাষ্ট্রপক্ষের জব্দ করা বিভিন্ন নথি তিনি ট্রাইব্যুনালে প্রদর্শনী হিসেবে উপস্থাপন করেন। পরে জবানবন্দি দেন ২২তম সাক্ষী ও বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া। তিনিও জব্দ তালিকার ওপর জবানবন্দি দেন। ২৩তম সাক্ষী হিসেবে জব্দ তালিকার ওপর জবানবন্দি দেন বাংলা একাডেমির প্রধান গ্রন্থাগারিক মোবারক হোসেন। এজাবউদ্দিন ও মোবারক হোসেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।
মীর কাসেম আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ এপ্রিল (মঙ্গলবার) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
কায়সারের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৯ এপ্রিল: একই ট্রাইব্যুনালে গতকাল সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মোহাম্মদ আলী পাঠানকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। ওই দিন ক্যামেরা ট্রায়ালে (রুদ্ধদ্বার বিচার) রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে।
রাষ্ট্রপক্ষ জানায়, সাক্ষীর নিরাপত্তার স্বার্থে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য গ্রহণের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সাবেক এরশাদ সরকারের প্রতিমন্ত্রী কায়সারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৬ অভিযোগের বিচার চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুক্তিযুদ্ধকালে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতাবিরোধীদের নিয়ে গঠিত ‘কায়সার বাহিনী’র নেতৃত্ব দিয়ে তিনি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে নিজে অংশ নিয়েছেন।